নিজস্ব সংবাদদাতা, জকিগঞ্জ থেকে : জকিগঞ্জের ৫নং ওয়ার্ড কাউন্সিলার আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কমরু গ্রুপের কতিপয় উৎশৃঙ্ঘল যুবক পতিতাবৃত্তি নিয়ে মতানৈক্যের জের ধরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বদরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। নিহত বদরুল ইসলাম কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন মাধবপুর গ্রামের বজলুর রহমানের পুত্র। তিনি দীর্ঘদিন যাবৎ জকিগঞ্জ থানাধীন মধুদত্ত গ্রামের লোকমান হোসেনের একটি কলোনীতে বসবাস করতেন। এ ব্যাপারে নিহত বদরুল ইসলামের ভাই ফখরুল ইসলাম বাদী হয়ে ৫জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ৭/৮জনকে অভিযুক্ত করে জকিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামীরা হচ্ছেন- (১) নাঈম আহমদ (২৫), পিতা- আব্দুল কুদ্দুস, মাতা- রিনা বেগম, কলোনীর মালিক (২) মোঃ নাজিম উদ্দিন (৩১), পিতা- লোকমান হোসেন, মাতা- মোছা: মিনা বেগম, (৩) ফয়জুল হক (৫৫), পিতা- মৃত আনফর আলী, মাতা- মৃত জুলাই বিবি, (৪) শাহিন আহমদ (২১), (৫) তানভীর আহমদ সাজিম (২৫), উভয় পিতা- মোঃ লোকমান হোসেন, মাতা- মোছা: মিনা বেগম, সর্ব সাকিন- আনন্দপুর পূর্ব, মধুদত্ত, ডাকঘর: জকিগঞ্জ-৩১৯০, উপজেলা/থানা-জকিগঞ্জ, জকিগঞ্জ পৌরসভা, জেলা-সিলেটসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিম বদরুল ইসলাম উক্ত মামলার ২নং আসামীর আনন্দপুর পূর্ব, মধুদত্ত গ্রামের কলোনীতে বাসা ভাড়া করে থাকতেন। চাকুরীর সুবাদে তিনি উক্ত কলোনীতে পরিবার নিয়ে বসবাস করতেন। এলাকার বর্তমান সরকার দলীয় কিছু নেতা-কর্মী উক্ত কলোনীতে মাদকদ্রব্য, গাঁজা, ইয়াবা ইত্যাদি প্রতিনিয়ত সেবন করতো। ভিকটিম বদরুল ইসলাম তাদেরকে অবৈধ কাজে বাঁধা দিলে মাদকসেবীরা তাকে প্রাণে মারার হুমকি-ধামকি দিয়ে আসছিল। ঘটনার দিন ২০/০৮/২০২৩ ইং তারিখ বিকাল অনুমান ৫.৩০ ঘটিকায় মাদকসক্ত যুবকরা একজন পতিতা মেয়েকে উক্ত কলোনীতে নিয়ে আসে আমোদ-ফুর্তি করার জন্য। এক পর্যায়ে কলোনীর মালিকের ছেলেদের সাথে ভিকটিম বদরুল ইষলামের মতানৈক্যের সৃষ্টি হয়। এক পর্যায়ে সেটি সংঘর্ষে রূপ নেয়। এ সংঘর্ষে বদরুল ইসলাম মারাত্মক যখম প্রাপ্ত হলে তাকে মুমুর্ষ অবস্থায় জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একটি সূত্র জানায়, পতিতাবৃত্তি নিয়ে স্থানীয় আওয়ামী লীগের স্থানীয় কাউন্সিলার কামরুজ্জামান কমরু গ্রুপের কর্মীদের মাঝে মতানৈক্য থেকে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে বদরুল ইসলাম নামের একজন ভাড়াটিয়াকে মাদকসেবীরা আঘাত করলে তিনি মারাত্মকভাবে আহত হন। ঘটনাকে আড়াল করতে মিথ্যা কল্পকাহিনী তৈরি করে আওয়ামী লীগ নেতা কাউন্সিলার কামরুজ্জামান কমরু কলোনীর মালিকের ৩ পুত্রকেও ঐ হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত করে মামলায় আসামীভূক্ত করেন।