বড়লেখা প্রতিনিধি : পত্রিকায় সাক্ষাৎকার ছাপার জেরে মৌলভীবাজারের বড়লেখায় ছাত্র ইউনিয়নের বড়লেখা ডিগ্রি কলেজ সংসদের প্রচার সম্পাদক মামুনুর রশীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ০৫ এপ্রিল সন্ধ্যায় বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদের ক্যাডার বাহিনীর আমির উদ্দিন ও তার লোকজন ০৫ এপ্রিল সন্ধ্যায় বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনী এলাকায় একা পেয়ে মামুনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে মামুনুর রশীদ গুরুতর আহত হন। হামলায় মামুনুর রশীদ মারা গেছেন ভেবে হামলাকারীরা চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার শিকার ছাত্র ইউনিয়নের বড়লেখা ডিগ্রি কলেজ সংসদের প্রচার সম্পাদক মামুনুর রশীদের স্ত্রী নার্গিস আক্তার মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, গত ২৯ মার্চ পত্রিকায় আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে বক্তব্যসহ আমার স্বামীর সাক্ষাৎকার ছাপা হয়। এছাড়া এরআগে আরও কিছু সংবাদ স্থানীয় মন্ত্রী ও আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় ছাপা হয়। এতে আওয়ামী লীগ নেতা ও তার ক্যাডার বাহিনী ক্ষুব্ধ হয়ে উঠে। এরজের ধরে আওয়ামী লীগ নেতা ও বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদের ক্যাডার বাহিনীর আমির উদ্দিন তার লোকজন নিয়ে আমার স্বামীর উপর সন্ত্রাসী হামলা চালায়। বর্তমানে আমার স্বামীর অবস্থা খুবই আশঙ্কাজনক।
মামুনুর রশীদের স্ত্রী নার্গিস আক্তার আরও বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করে গিয়েছিলাম। তবে পুলিশ অভিযোগ না নিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে বড়লেখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান বলেন, ঘটনাটি শুনেছি। আমরা দেখছি কি করা যায়।