কোম্পানীগঞ্জ প্রতিনিধি :::
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবৈধ অস্ত্র ও মাদকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৫ মার্চ) বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে কোম্পানীগঞ্জ থানাপুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন- আখালি দাস, বিজয় মন্ডল ও সুনিল দাশ। তারা তিনজনই ভারতীয় নাগরিক।
নিজস্ব সোর্সের মাধ্যমে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে ভারত থেকে আসা চুনাপাথর বোঝাই অনেকগুলো ট্রাকের মধ্যে ৩টি ট্রাকে তল্লাশি চালিয়ে দুইটি রিভলবার, ১ শ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। পরে জব্দকৃত মালামালসহ ৩ ট্রাক চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ গ্রামের মোছা. রহিমা বেগম (মমতাজ) ও তার স্বামী মো. রিয়াজ উদ্দিনের ব্যবসায়ীক প্রতিষ্ঠান মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজ (এলসি নম্বর ০২১৮২২০১০ ও আমদানি সনদ নম্বর আই.আর.সি-২৬০৩৯১১১০০৬২৬১৯)-এর মাধ্যমে ভারত থেকে ৩টি ট্রাকে করে চুনাপথর আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা ট্রাকগুলো তল্লাশি করে অস্ত্র ও মাদকদ্রব্য পাই। পরে এসবসহ চালকদের আটক করে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে মাদক ও অস্ত্র চোরাচালান আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। দুটি মামলায় আটক চালকদের আসামি করে গ্রেফতার দেখানো হয়েছে।
ওসি আরও বলেন- অস্ত্র আইনে দায়ের করা মামলায় মোছা. রহিমা বেগম (মমতাজ)-কে প্রধান আসামি এবং তার স্বামী মো. রিয়াজ উদ্দিনকে দ্বিতীয় আসামি করা হয়েছে। এছাড়া মাদক ও চোরাচালান আইনে দায়ের করা পৃথক মামলায়ও মোছা. রহিমা বেগম (মমতাজ) ও তার স্বামী মো. রিয়াজ উদ্দিনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত মূল অভিযুক্ত রহিমা বেগম ও রিয়াজ উদ্দিন পলাতক। তাদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।