যুক্তরাজ্যে বসে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় চারখাইয়ে হামলা

ডেইলি সিলেট নিউজ
প্রকাশিত October 24, 2022
যুক্তরাজ্যে বসে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় চারখাইয়ে হামলা

বিয়ানীবাজার প্রতিনিধি
যুক্তরাজ্যে বসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও গালাগাল করায় বিয়ানীবাজারের চারখাইয়ে মো. আব্দুল কুদ্দুছ নামের এক ছাত্রদল নেতার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। রবিবার (২৩ অক্টোবর ২০২২) সন্ধ্যায় ‘আব্দুল কুদ্দুছ ফার্নিচার’ নামীয় তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

মো. আব্দুল কুদ্দুছ বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় কর্মী ও সাচানচক গ্রামের মাতাব আহমদের ছেলে।

জানা যায়, তিনি বিগত দিনে বিভিন্ন সময় বিভিন্নভাবে বর্তমান আওয়ামী সরকার বিরোধী কথাবার্তা কার্যক্রমের সাথে জড়িত এবং শনিবার (২২ অক্টোবর ২০২২ ইং ) মো. আব্দুল কুদ্দুছ তার ফেইসবুক আইডি থেকে সরকার বিরোধী কিছু লিখে থাকেন। ওই পোস্টে তিনি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন মন্ত্রীদের নিয়ে কটূক্তি, কুরুচিপূর্ণ মন্তব্য করেন। পোস্টটি দেখার পর পরই তার নিজ এলাকা চারখাইয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপর সন্ধ্যার দিকে ‘আব্দুল কুদ্দুছ ফার্নিচার’ নামীয় তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট চালায় স্থানীয় আওয়ামী লীগ। হামলাকারীরা যাওয়ার সময় দোকানটিতে আগুন লাগিয়ে দেয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

তবে, এ ঘটনায় থানায় মামলা দায়ের হলেও এখনও কোনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

হামলার বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান, ফেইসবুক পোস্টকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। মো. আব্দুল কুদ্দুছের পিতা মাতাব আহমদ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন