বিয়ানীবাজার প্রতিনিধি :
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের একজন নিহত হয়েছেন। নিহতের নাম মানিক। তিনি পৌরসভা ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাউন্সিলর ছাইফুল ইসলাম জুনুর ছোট ভাই। রাতেই কাউন্সিলর ছাইফুল ইসলাম জুনু বাদী হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০ জন রেখে একটি হত্যা মামলা দায়ের করেন।
গতকাল (২৮ জুন ২০২২) বিয়ানীবাজার উপজেলার ২ নং ওয়ার্ডে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা যায়। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিক নিহতের বিষয়টি নিশ্চিত করেন। এই সংঘর্ষের জেরে স্থানীয় বাজারে বিএনপি কর্মীদের দোকানপাঠে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (২৮ জুন ২০২২) বিয়ানীবাজার পৌর বিএনপি ২নং ওয়ার্ডের অফিস স্থানীয় কসবা বাজার মার্কেটের ২য় তলায় আনুষ্ঠানিক উদ্বোধন করার ঘোষণা করে স্থানীয় বিএনপি। অনুষ্ঠানে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হোসেন পুতুল ও সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ উপস্থিত ছিলেন। এদিকে, স্থানীয় আওয়ামীলীগের সদ্য নিবার্চিত পৌর মেয়র ও আওয়ামীপন্থী কাউন্সিলরদের সংবর্ধনার আয়োজন করে একই মার্কেটের সামনে।
গতকাল বিকাল ৩ টায় কয়েক শত কর্মী সমর্থকদের উপস্থিতিতে বিয়ানীবাজার পৌর বিএনপি ২ নং ওয়ার্ডের দলীয় অফিস উদ্বোধন অনুষ্ঠান করতে থাকে। অপরদিকে পৌর আওয়ামীলীগ সদ্য নির্বাচিত পৌর মায়ের ফারুকুল হক ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠান মার্কেটের সামনে শুরু করে !
তাদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবার আগে কসবা বাজারে মিছিল বের করে। মিছিলটি বাজারের মুক্তিযোদ্ধা চত্বর দিয়ে প্রদক্ষিন শেষে পুনরায় মার্কেটের সামনে আসার সময় উভয় দল মহুুর্মুহু শ্লোগানে এলাকা ভারী করে তুলে। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বিএনপি নেতারা অভিযোগ করেন, পুলিশ ঘটনাস্থলে আওয়ামীলীগের পক্ষ নিয়ে বিএনপি নেতা কর্মীদের লাঠিপেটা করতে থাকলে বিএনপি নেতা কর্মীরা এ সময় পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুড়ে।
পুলিশ জানায়, ইট পাটকেলের আঘাতে এ সময় বিয়ানীবাজার থানার এসআই বাবুল আহমদ মাথায় আঘাত পান। তুমুল সংঘর্ষে পুলিশসহ উভয় দলের অন্তত ৩০জন আহত হন। এদের মধ্যে পুলিশের এসআই বাবুল আহমদ ও পৌরসভা ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাউন্সিলর ছাইফুল ইসলান জুনুর ছোট ভাই মানিকের অবস্থা আশংঙ্কাজনক অবস্থায় সিলেটে প্রেরণ করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মানিক মারা যান।
এ খবর শুনে ক্ষুব্ধ পৌর আওয়ামীলীগের নেতাকর্মীরা স্থানীয় কসবা বাজারে লুটপাট ও অগ্নিসংযোগ করেন। বিশেষ করে ২নং ওয়ার্ডের সদ্য পরাজিত কাউন্সিলর প্রার্থী ও বিএনপি নেতা মুহাম্মদ সিদ্দিকুর রহমান এর দোকানে লুটপাট ও আগুন ধরিয়ে দেয়।
গত ১৫ই জুন ২০২২ বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নিবার্চনে কাউন্সিলর ছয়ফুল ইসলাম জুনুর কাছে সামান্য ভোটে মুহাম্মদ সিদ্দিকুর রহমান পরাজিত হয়েছিলেন।
কাউন্সিলর জুনুর ভাই হত্যা মামলায় তিনি ৫নং আসামি বলে জানা গেছে। এছাড়াও ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজলের ফার্মেসি, সহসভাপতির হামিদিয়া মিষ্টান্ন ভান্ডার, দেলোয়ার হোসেনের কাপড়ের দোকান ব্যাপক ভাংচুর ও লুটপাট শেষে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে, বিয়ানীবাজার থানায় ওসি বললেন, পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ কাজ করছে। খুনের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে।
এদিকে, ঘটনার পরপরই স্থানীয় বিএনপির নেতার্কমীরা আত্মগোপনে আছেন বলে জানা গেছে।