স্টাফ রিপোর্টার: কুমিল্লার নানুয়া দীঘির পূজা মণ্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সুনামগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় গতকাল সকাল ১১টায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ অক্টোবর ২০২১, কুমিল্লার নানুয়া দীঘির পূজা মণ্ডপে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়, যেখানে একটি হিন্দু দেবতার পায়ের পাশে পবিত্র কোরআন রাখা দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জসহ চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী ও রংপুরের বীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে অসংখ্য হিন্দু বাড়িঘর ও মন্দির ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়। এসব সহিংস ঘটনায় সারাদেশে প্রায় ৮ জন নিহত এবং ১৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে বক্তারা উল্লেখ করেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট বিমান রায়, সহ-সভাপতি সন্তু রায়, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার ধর, সদস্য কৃষ্ণ রায়, বাপ্পি রায় সহ আরও অনেকে
সভাপতি অ্যাডভোকেট বিমান রায় এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে এসব ঘটনার পেছনে জড়িত ও ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার ধর বলেন,“ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে সারা দেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। কুমিল্লার নানুয়া দীঘির পুজা মন্ডপের ঘটনা নিয়ে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইকবাল নামের এক মুসলিম যুবক ইচ্ছাকৃতভাবে দুর্গা মূর্তির পায়ের পাশে কোরআন শরীফ রেখে যায়। কিন্তু প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়৷ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত না হলে আমরা সারাদেশে শান্তিপূর্ণ আন্দোলনে যেতে বাধ্য হবো।”